ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ঘাটকোপার স্টেশনের শৌচাগারে বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার ২৭ বছরের যুবক
মুম্বইয়ের ঘাটকোপার রেলওয়ে স্টেশনের শৌচাগারে ৬০ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ।
মুম্বইয়ের ঘাটকোপার রেলওয়ে স্টেশনের শৌচাগারে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় তসলিম নুর মহম্মদ শাহ নামের ২৭ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কুরলা জিআরপি ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ৬০ বছর বয়সি ওই মহিলা তাঁর ১৮ বছর বয়সি মেয়ের সঙ্গে ঘাটকোপার স্টেশনে আসেন। বাড়ি ফেরার জন্য তাঁরা লোকাল ট্রেনের অপেক্ষা করছিলেন। সেই সময় শৌচাগারে যাওয়ার জন্য মেয়েকে প্ল্যাটফর্মে রেখেই কিছুটা দূরে যান ওই মহিলা।
অভিযোগ, মহিলা শৌচাগারে ঢোকার সময় এক ব্যক্তি তাঁর পিছু নেয়। শৌচাগারের ভিতর ঢুকে তাঁর উপর চড়াও হয় অভিযুক্ত। মহিলা চিৎকার করে সাহায্য চাইলেও তাঁর মুখ চেপে ধরা হয় বলে অভিযোগ। তাঁকে মারধর করা হয় এবং ধর্ষণ করা হয়।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় শৌচাগার থেকে বেরিয়ে মেয়েকে সব জানান নির্যাতিতা। এর পর জিআরপিকে বিষয়টি জানানো হয়। পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি শুরু করে। কুরলা জিআরপি সাতটি বিশেষ দল গঠন করে তল্লাশি চালায় এবং ঘাটকোপার পশ্চিম থেকে অভিযুক্তকে ধরে।
ধৃত যুবক পেশায় একজন দর্জি। পুলিশের সন্দেহ, নেশাগ্রস্ত অবস্থায় সে এই অপরাধ করেছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।