RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ভোটার তালিকা সংশোধন, ই-সই না থাকলেও নাম তোলার নির্দেশ কমিশনের

বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর আগে বিচারাধীন ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন।

আসন্ন বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর কাজের আগে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন জানিয়েছে, ট্রাইব্যুনালের বিচারকদের ডিজিটাল স্বাক্ষর না থাকলেও বিচারাধীন ভোটারদের নাম এবার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এর আগে দেখা গিয়েছিল, অনেক ভোটারের ক্ষেত্রে বিচার বিভাগীয় আধিকারিকরা সিদ্ধান্ত নিলেও বিচারপতিদের ই-সই না থাকায় নামগুলি বাদ থেকে যাচ্ছিল। নতুন নির্দেশ অনুযায়ী, বিচারকদের লিখিত নির্দেশকে ভিত্তি করে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা নাম তোলার কাজ করতে পারবেন।

এছাড়া, যে সমস্ত নাম নিয়ে এখনও বিচার বিভাগীয় আধিকারিকরা কোনও সিদ্ধান্ত জানাননি, সেই সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ইআরও-দের উপরেই। আইন মেনেই তাঁরা এই কাজ সম্পন্ন করবেন।

অন্যদিকে, বিচারকদের বাদ দেওয়া নামের বিরুদ্ধে যাঁহারা আপিল করেছেন, তাঁদের ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নতুন করে ফর্ম-৬ জমা দিতে নিষেধ করেছে কমিশন। ট্রাইব্যুনালে নাম বাদ পড়ার সিদ্ধান্ত বহাল থাকলে সেই নির্দেশই কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।