RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ভোটার তালিকা প্রকাশে বদল, পিছিয়ে গেল খসড়া প্রকাশের দিন

আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা। প্রশাসনিক কারণ দেখিয়ে দিন পিছল নির্বাচন কমিশন।

রাজ্যে পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। আগামী ২৩ নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশের কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত বদল করে তা স্থগিত রেখেছে। প্রশাসনিক কারণ দেখিয়ে এই খসড়া প্রকাশ পিছনিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

সোমবারই স্পেশাল সামারি রিভিশন হওয়ার কথা ছিল। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে একটি সর্বদল বৈঠক ডাকারও কথা ছিল। সেই বৈঠকে বিভিন্ন দাবির ও আপত্তির বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত দিনে খসড়া তালিকা প্রকাশ হচ্ছে না।

প্রতি বছর নভেম্বর মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় এবং জানুয়ারি মাসে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। আগামী ১৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত ছিল। তবে খসড়া প্রকাশ পিছিয়ে যাওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশের দিন বদলাবে কি না, সে বিষয়ে এখনও সিইও দফতরের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। খসড়া তালিকা কবে প্রকাশিত হবে, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।