পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজ্যে ফের শুরু বিশেষ ভোটার সংশোধন প্রক্রিয়া, চূড়ান্ত তালিকা প্রকাশ ফেব্রুয়ারিতে
স্থগিত থাকা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া রাজ্যে পুনরায় চালু করল নির্বাচন কমিশন, ফেব্রুয়ারিতে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা।
অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকার পর রাজ্যে পুনরায় বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসএসআর প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নতুন দিন ঘোষণা করে জানানো হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে ১৬ জানুয়ারি তালিকা প্রকাশের দিন ধার্য হলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।
যোগ্য নাগরিকদের নাম বাদ যাওয়া রোধ করতে এই প্রক্রিয়ায় বিশেষ জোর দিচ্ছে কমিশন। বিশেষ করে যাঁদের বয়স আগামী ১ জানুয়ারি ২০২৭ সালের মধ্যে আঠারো বছর হবে, তাঁদের নাম তোলার কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া ভোটার তালিকার তথ্য যাচাই এবং সংশোধনের সুযোগও থাকছে।
সাধারণের সচেতনতা বাড়াতে মোট আট দিন ধরে বিশেষ প্রচার ও শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ১৯, ২০, ২৬ ও ২৭ ডিসেম্বর এবং আগামী বছরের ২, ৩, ৯ ও ১০ জানুয়ারি—এই শনি ও রবিবারে রাজ্যের সমস্ত বুথে বিশেষ শিবির বসবে। নির্দিষ্ট দিনে বুথ স্তরের আধিকারিকরা বা বিএলও সেখানে উপস্থিত থেকে নাম নথিভুক্তকরণ ও সংশোধনের কাজ পরিচালনা করবেন। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদেরও উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের প্রধান উদ্দেশ্য, প্রতিটি যোগ্য নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় থাকে তা সুনিশ্চিত করা। স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরিতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কমিশন।