RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

১৫ বছর পর বিদ্যুৎ এল দুর্গাপুরের মারাডি পাড়ায়

সংবাদ প্রকাশের চারদিনের মধ্যে দুর্গাপুরের মারাডি পাড়ার ৯টি আদিবাসী পরিবারে পৌঁছল বিদ্যুতের আলো।

দীর্ঘ ১৫ বছর ধরে অন্ধকারে থাকার পর অবশেষে দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভার ইছাপুর গ্রাম পঞ্চায়েতের মারাডি পাড়ার ৯টি আদিবাসী পরিবারে বিদ্যুৎ পৌঁছল। সংবাদমাধ্যমে খবর প্রকাশের মাত্র চারদিনের মধ্যে এই পরিষেবা চালু হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় ৫০ জন বাসিন্দা বসবাস করেন এবং তাঁদের অধিকাংশই দিনমজুর। এতদিন ধরে হ্যারিকেন ও প্রদীপের আলোই ছিল তাঁদের একমাত্র ভরসা। পানীয় জল ও রাস্তার সমস্যাও ছিল।

খবর প্রকাশ্যে আসার পর পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাঁর উদ্যোগেই এই বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।

এদিন ওই এলাকায় যান বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুশীল টুডু ও মণ্ডল সভাপতি তারকনাথ ধীবর। তাঁরা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং অন্যান্য সমস্যা শোনার পাশাপাশি তা সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দা অনিলচন্দ্র হাঁসদা বলেন, এতদিন তাঁদের অন্ধকারেই থাকতে হয়েছে। বহুবার আবেদন করেও সুরাহা মেলেনি। বিদ্যুৎ পাওয়ায় তিনি বিধায়ককে ধন্যবাদ জানান। বিজেপি জেলা সাধারণ সম্পাদক সুশীল টুডু জানান, খবর পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকার মানুষের পাশে রয়েছে।