RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

ব্রেক অকেজো অবস্থায় ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশ ছুটল খালি বন্দে ভারত, শুরু তদন্ত

ব্রেক অকেজো থাকা সত্ত্বেও দুই রাজ্য জুড়ে চারশো কিলোমিটারের বেশি পথ ছুটল খালি বন্দে ভারত ট্রেন, রেলের তরফ থেকে শুরু হয়েছে তদন্ত।

ব্রেক কাজ না করায় ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ জুড়ে ৪৬৩ কিলোমিটার পথ চলল একটি খালি বন্দে ভারত এক্সপ্রেস। গত ২৪ অক্টোবর এই ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তরপ্রদেশের ঝাঁসিতে ট্রেনটি নিয়ে যাওয়া হচ্ছিল। হাতিয়া ছাড়ার পর লোকো পাইলট ব্রেক পরীক্ষা করে দেখেন যে তা অকেজো রয়েছে। রাঁচি স্টেশনে লিখিত অভিযোগ জানানোর পরেও ট্রেনটি থামানো হয়নি। মুরি স্টেশনে অন্য লোকো পাইলটও একই অভিযোগ জানান। কিন্তু ট্রেনটিকে চলতে বলা হয়। শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ট্রেনটি থামানোর পর দেখা যায়, ব্রেকিং সিস্টেম বিচ্ছিন্ন করা ছিল। শুধু ইঞ্জিনের ব্রেক এবং রিজেনারেটিভ ব্রেকিংয়ের ভরসায় ট্রেনটি চলেছে। এই ঘটনায় দক্ষিণ-পূর্ব রেলের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে রেলকর্মীদের গাফিলতি নজরে এসেছে। ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় বড়ো ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে।