RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রাসমেলায় গভীর রাত পর্যন্ত বাস, কোচবিহারে নিরাপত্তার প্রস্তুতি খতিয়ে দেখল প্রশাসন

কোচবিহারের রাসমেলা উপলক্ষে গভীর রাত পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। পাশাপাশি মেলার নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক ও পুলিশ সুপার।

কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা উপলক্ষে গভীর রাত পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন রুটে এই বিশেষ বাস পরিষেবা মিলবে। নিগমের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায় জানিয়েছেন, যাত্রীদের যাতায়াতের সুবিধা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, কোচবিহার শহর থেকে আলিপুরদুয়ার, মাথাভাঙা, দিনহাটা, তুফানগঞ্জ এবং ফালাকাটার শেষ বাস রাত ১১টায় ছাড়বে। এছাড়া জোড়াই ও বক্সিরহাটের শেষ বাস রাত ১০টায় এবং মেখলিগঞ্জ ও সিতাইয়ের শেষ বাস রাত সাড়ে ৯টায় পাওয়া যাবে। বাস চলাচলের এই সময়সূচির তালিকা ব্যানার আকারে বিভিন্ন স্থানে লাগানোর কাজ শুরু হয়েছে।

অন্য দিকে, রাসমেলার নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি খতিয়ে দেখতে জেলাশাসক জিতিন যাদব এবং পুলিশ সুপার মণীষ জোশির নেতৃত্বে প্রশাসনের একটি দল মদনমোহন বাড়ি এবং মেলার মাঠ পরিদর্শন করেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার প্রথমবার সাগরদিঘিতে আরতির ব্যবস্থা থাকছে। পাশাপাশি অত্যাধুনিক লাইট ও সাউন্ড শো, লেজার শো এবং আতশবাজির প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। শহর সাজিয়ে তোলার শেষ মুহূর্তের কাজ এখন চলছে।