পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে বিএমএস
পূর্ব মেদিনীপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতীয় মজদুর সঙ্ঘের এক নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সংগঠনেরই সভাপতি।
বিজয়া সম্মিলনীর আয়োজন ঘিরে অর্থ সংগ্রহের অভিযোগে বিতর্ক দানা বেঁধেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। ভারতীয় মজদুর সঙ্ঘের জেলা সম্পাদকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন সংগঠনেরই একাংশ নেতা। শিল্পাঞ্চলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং ঠিকাদারদের কাছ থেকে জোর করে প্রচুর অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ।
পূর্ব মেদিনীপুর জেলার কার্যকরী সভাপতি মলয় দলপতি ও সভাপতি নিশিকান্ত সাহু দাবি করেছেন, জেলা কমিটির সঙ্গে কোনও আলোচনা না করেই এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। বিজয়া সম্মিলনীকে উসিলা করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির চেষ্টা চলছে বলে তাঁদের অভিযোগ। এই ঘটনায় সংগঠনের সম্পাদক শুভম বেরা এবং তাঁর দুই অনুগামীর নাম উঠে এসেছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জেলা সম্পাদক শুভম বেরা। তাঁর পালটা দাবি, সমস্ত নিয়মনীতি মেনে এবং সকলের উপস্থিতিতেই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের কাজের স্বার্থে নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে শুধুমাত্র সাহায্য চাওয়া হয়েছিল বলে জানান তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
এই অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে অস্বস্তি বেড়েছে। এ বিষয়ে মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত এক বিজেপি বিধায়ক। অনুষ্ঠান হওয়ার আগেই এই আর্থিক অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে আলোচনা শুরু হয়েছে।