পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
জেলে তোলাবাজি চলছে, বন্দিদের সুবিধা পাওয়ার জন্য টাকা দিতে হয় বলে হাই কোর্টে মামলা
রাজ্যের জেলে বন্দিদের খাবার ও শোওয়ার জায়গা পাওয়ার জন্য টাকা দিতে হয়, এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলে বন্দিদের থেকে তোলা আদায়ের অভিযোগ উঠেছে। খাবার ও শোওয়ার জায়গা পাওয়ার জন্য বন্দিদের মোটা টাকা দিতে হয় বলে দাবি করা হয়েছে। এই মর্মে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, জেলের ভিতর সুযোগ-সুবিধা পেতে বন্দিদের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়া হত। বিচারাধীন বন্দি এবং তাঁদের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, ভালো খাবার বা ঘুমানোর একটু জায়গা পেতে জেলের অন্দরে ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হত। এমনকী টাকার বিনিময়ে নেশার সামগ্রী সরবরাহ করার অভিযোগও উঠেছে। মামলাকারীর দাবি, নতুন সরকার আসার পর বেশ কয়েকজন বিচারাধীন বন্দি এই বিষয়ে মুখ খুলেছেন। কোন প্রক্রিয়ায় এই টাকা তোলা হত, তার বিস্তারিত বিবরণ দিয়ে মামলা দায়ের হয়েছে। মামলাকারীর আইনজীবী এক সময় নিজে জেলবন্দি ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে বলে মামলাকারীর তরফে জানানো হয়েছে।