পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
তোলাবাজি সামাজিক ব্যাধি, কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতির
তোলাবাজিকে সামাজিক ব্যাধি বলে উল্লেখ করে দলের বিধায়ক ও কর্মীদের সতর্ক করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
তোলাবাজি এবং টাকা আদায়ের মতো অপরাধকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কলকাতার দলীয় কার্যালয়ে জেলা সংগঠনের সঙ্গে এক বৈঠকে তিনি এই বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে ক্ষমতার অপব্যবহার এবং গোষ্ঠী তৈরি করে পদ বিতরণের অভিযোগ তুলে বেশ কয়েকজন বিধায়ককে সতর্ক করেছেন তিনি। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন রাজ্য সভাপতি।
এদিনের বৈঠকে মূলত ‘সেবাদূত’ কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। ব্লক, শক্তিকেন্দ্র এবং মণ্ডল স্তর পর্যন্ত জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যার কথা শুনতে হবে দলীয় কর্মীদের। এই কর্মসূচির মাধ্যমে মানুষকে কেন্দ্র ও রাজ্য সরকারের কাজের দিকে আকৃষ্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশনের কারণে সাংসদরা ব্যস্ত থাকবেন। অন্যদিকে, আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিধানসভার অধিবেশন চলায় বিধায়করা প্রথমদিকে এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর জন্মদিবসে এই কর্মসূচি শেষ হবে। এরপর দলীয় নেতৃত্বের কাছে সমস্ত কাজকর্মে রিপোর্ট জমা দিতে হবে।