RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নির্বাচন কমিশনে ভুয়ো হলফনামা জমা, পুলিশের কাছে গেল কালীঘাট শিবির

নির্বাচন কমিশনে জাল হলফনামা জমা দেওয়ার অভিযোগে বিরোধী দলনেতা সহ পুলিশের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল কালীঘাট শিবির।

জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যেই নির্বাচন কমিশনে জাল নথিপত্র জমা দেওয়ার অভিযোগ তুলল কালীঘাট শিবির। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের বিরুদ্ধে শনিবার কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সাংসদ তথা মমতা শিবিরের কোষাধ্যক্ষ শুভাশিষ চক্রবর্তী। নানুর থানার ওসি সঞ্জয় সরকার ও সাব-ইন্সপেক্টর গোলক ঘোষের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

চার পাতার অভিযোগে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনে যে সব তথ্য পেশ করা হয়েছে, তা সঠিক নয় এবং ভুয়ো নোটারির মাধ্যমে তৈরি করা হয়েছে। হলফনামার কিছু অংশ ফাঁকা রেখেই তা জমা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে নানুর থানার দুই পুলিশ আধিকারিক এবং কয়েকজন সিভিক ভলান্টিয়ার জড়িত বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার সমস্ত প্রমাণ ও ভিডিও রেকর্ড তাঁদের হাতে রয়েছে বলেও দাবি করা হয়েছে।

সম্প্রতি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এই জালিয়াতির পিছনে প্রশাসনের একাংশের হাত রয়েছে। সমস্ত তথ্য ও ভিডিও প্রমাণ প্রয়োজনে আদালতে পেশ করা হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিল। অন্যদিকে, এই দুই শিবিরের রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে মন্তব্য করেছে রাজ্য বিজেপি। বিজেপির পক্ষে দেবজিৎ সরকার জানিয়েছেন, এই ঘটনায় তাঁদের দলের কিছু বলার নেই এবং প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ করবে।