RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

ট্যাংরা ও দক্ষিণ ২৪ পরগনায় ভুয়ো কল সেন্টারে হানা, ধৃত ২০

মার্কিন ও লন্ডনের বাসিন্দাদের প্রতারণার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করল পুলিশ।

ট্যাংরা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বড়সড় প্রতারণা চক্রের হদিস পেল পুলিশ। সাইবার ক্রাইম বিভাগের অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা মার্কিন যুক্তরাষ্ট্র ও লন্ডনের নাগরিকদের টার্গেট করে প্রতারণা চালাত বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এবং রাসাপুঞ্জা এলাকায় তল্লাশি চালিয়ে এই চক্রের খোঁজ মেলে। এই ঘটনায় গিরিশ সামতারি নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি টাকা লেনদেনের দায়িত্বে ছিলেন বলে তদন্তকারীদের দাবি। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই বিষ্ণুপুর থানার এলাকায় একটি অবৈধ কল সেন্টারের সন্ধান পায় পুলিশ। সেখান থেকে নয়জনকে গ্রেফতার করা হয়।

পরবর্তী পর্যায়ে ট্যাংরা এলাকায় হানা দেয় তদন্তকারী দল। সেখান থেকে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে প্রচুর ডিজিটাল সরঞ্জাম উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি ডেস্কটপ, ৮টি ল্যাপটপ, ১৪টি মোবাইল ফোন এবং রাউটার। সব মিলিয়ে ৫৬টি ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া নগদ ২০ লক্ষ টাকাও উদ্ধার হয়েছে, যার মধ্যে ৫ লক্ষ ২০ হাজার টাকা ট্যাংরা থেকে মিলেছে।

পুরো চক্রটি কীভাবে কাজ করত এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রতারণার জাল কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চলছে।