ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
শাবলের আঘাতে ছেলেকে খুন, কর্নাটকে গ্রেপ্তার বাবা
কর্নাটকের তুমাকুরু জেলায় মা-বাবার ঝগড়া থামাতে গিয়ে বাবার শাবলের আঘাতে খুন হল ১৬ বছরের এক নাবালক।
মা-বাবার ঝগড়া থামাতে গিয়ে বাবার হাতে খুন হতে হল ১৬ বছরের এক নাবালককে। কর্নাটকের তুমাকুরু জেলার চৌদানায়কানাপাল্যা গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত নানজে গৌড়াকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানজে গৌড়া প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে অশান্তি করতেন। রবিবারও তাঁর ব্যতিক্রম হয়নি। স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়ার সময় তা থামাতে এগিয়ে যায় ১৬ বছরের ছেলে সুনীল। এতে আরও চটে যান অভিযুক্ত। তিনি স্ত্রীকে টেনেহিঁচড়ে বাইরে বের করে দেন এবং সুনীলকে একটি ঘরে বন্দি করে মারধর শুরু করেন। অভিযোগ, রাগের বশে তিনি শাবল দিয়ে ছেলের মাথায় সজোরে আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালকের।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। সুনীলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মদ্যপ বাবার হাতে ছেলে খুন হওয়ার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পুলিশ অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় তাঁকে মারধরের চেষ্টা করেন প্রতিবেশীরা। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে এবং তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।