পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
হাবড়ায় নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, গ্রেপ্তার অভিযুক্ত
উত্তর ২৪ পরগনার হাবড়ায় স্ত্রীর মৃত্যুর পর নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক।
স্ত্রীর মৃত্যুর পর একাদশ শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল তার নিজের বাবার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হাবড়া থানার পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে নির্যাতিতার মায়ের মৃত্যু হয়। তারপর থেকে বাবার সঙ্গেই থাকত ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, মায়ের মৃত্যুর পর গত প্রায় দুই বছর ধরে নিজের বাবার দ্বারাই লাগাতার নির্যাতনের শিকার হয়েছে সে। ভয়ে এতদিন সে বিষয়টি কাউকে জানাতে পারেনি। সম্প্রতি সে পাশের গ্রামের এক মাসির কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর ওই মহিলার মাধ্যমেই থানায় অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে। এই ঘটনা প্রসঙ্গে হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, বাবার কাছেও মেয়ে নিরাপদ নয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের বাবাকে দাঁড় করিয়ে গুলি করে মেরে দেওয়া উচিত।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনারই শাসনে এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মহম্মদ আরি আরমান সুলতান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ২৭ জুন প্রতিবেশী ওই গৃহবধূকে অপহরণ করা হয়। এরপর বারাকপুর ও নৈহাটি সহ বিভিন্ন জায়গায় আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে বারাসত আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।