RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নিজের মেয়েকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, আটক বাবা

নিজের মেয়েকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে নদিয়ার ধান্তলা থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিজের তরুণী মেয়েকে কুপ্রস্তাব দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধান্তলা এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর একুশ বছর বয়সী মেয়ে।

পুলিশ সূত্রে খবর, একই বাড়িতে থাকা ওই তরুণীর অভিযোগ, গত প্রায় দুমাস ধরে তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিলেন তাঁর বাবা। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো। গত ৪ নভেম্বর রাত সাড়ে এগারোটা নাগাদ অভিযুক্ত ব্যক্তি মেয়ের ঘরে ঢুকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন চালান বলে অভিযোগ। দীর্ঘদিনের এই অত্যাচার সহ্য করতে না পেরে শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তরুণী।

অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্ত বাবাকে আটক করে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যক্তি। তাঁর পালটা দাবি, মেয়ের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে তাঁকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখছে।