RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

জলপাইগুড়িতে বাবাকে খুন, উদ্ধার অস্ত্র

জলপাইগুড়িতে বাবাকে খুনের ঘটনায় ধৃত ছেলের দেখানো জায়গা থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।

জলপাইগুড়িতে বৃদ্ধ বাবাকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ছেলের দেখানো জায়গা থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করল পুলিশ। নেতাজিপাড়া এলাকায় গত শুক্রবার বিকেলে অনিমাপ্রসাদ লেপচা নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় তাঁর ছেলে পল লেপচাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, জেরায় অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, জেরার পর অভিযুক্তকে নিয়ে তার নেতাজিপাড়ার বাড়িতে যায় তদন্তকারী দল। বাড়ির রান্নাঘরে সবজি রাখার ট্রে-র ভিতর থেকে একটি মাংস কাটার ধারালো ছুরি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিজেই ওই অস্ত্র লুকিয়ে রাখার কথা জানায়।

পরিবার সূত্রে খবর, ধৃত পল মাদকাসক্ত ছিল এবং কিছু দিন আগে রিহ্যাব থেকেও ফিরেছিল। বাড়ি ফিরে সে ফের নেশা শুরু করে বলে অভিযোগ। বাবার সঙ্গে তার প্রায়ই অশান্তি হত। এই পারিবারিক বিবাদের জেরেই খুন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।