RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

বাবার জমি বিক্রি করে পড়াশোনা, ডাক্তার ও ইঞ্জিনিয়ার হলেন দুই ভাই

বাবার আত্মত্যাগ আর নিজের কঠোর পরিশ্রামের জোরে সর্বভারতীয় পরীক্ষায় সফল হয়ে ডাক্তার ও ইঞ্জিনিয়ার হলেন বিহারের দুই ভাই।

সন্তানদের কোচিংয়ের খরচ জোগাতে নিজের শেষ সম্বল জমি বিক্রি করেছিলেন এক বাবা। বিহারের গয়ার সেই দুই ভাই এবার সর্বভারতীয় স্তরে সাফল্য পেলেন। মেধা ও কঠোর পরিশ্রামের জোরে এক ভাই ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন, অন্যজন ভরতি হয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ে।

গয়ার বাসিন্দা মনোজ কুমার চাষবাস করে সংসার চালাতেন। ছেলেদের উচ্চশিক্ষার ইচ্ছা পূরণ করতে তিনি জমি বিক্রি করতে পিছপা হননি। এছাড়া তিনি স্টেশনে কুলির কাজও করেছেন। বাবার এই আত্মত্যাগ দেখে দুই ভাই সোনু রাজ ও মনু রাজ পড়াশোনায় পুরো মন দেন। রাজস্থানের কোটায় গিয়ে তাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।

কোটায় পড়ার সময় নানা শারীরিক সমস্যায় পড়েন সোনু। টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি পড়াশোনা থামাননি। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় তিনি ভালো ফল করে দিল্লির একটি নামী চিকিৎসাবিজ্ঞান প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন। অন্যদিকে, ছোট ভাই মনু যৌথ প্রবেশিকা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভরতি হচ্ছেন।

ছেলেদের এমন সাফল্যে আপ্লুত মনোজ কুমার। তিনি জানান, সন্তানদের স্বপ্ন পূরণ করতে তিনি প্রচুর কষ্ট করেছেন। বাবার এই কষ্ট সার্থক হওয়ায় খুশি দুই ভাইও।