পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
নেশার ঘোরে অস্বাভাবিক আচরণ, ছেলেকে ভ্যানে বেঁধে থানায় আনলেন বাবা
ছেলের অস্বাভাবিক নেশাগ্রস্ত আচরণে ভয় পেয়ে তাকে হাত-পা বেঁধে ভ্যানে করে দুর্গাপুর থানায় নিয়ে এলেন এক ভ্যানচালক বাবা।
টানা নেশা করার কারণে ছেলের অস্বাভাবিক আচরণে অতিষ্ঠ হয়ে তাকে ভ্যানে বেঁধে থানায় নিয়ে এলেন এক অসহায় বাবা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। অভিযুক্ত যুবকের নাম কানহাইয়া সাহ, বয়স ২১ থেকে ২২ বছর। তাঁর বাবা সুনীল সাহ পেশায় ভ্যানচালক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর ছটপুজোর রাত থেকে ওই যুবক অস্বাভাবিক আচরণ শুরু করেন। তিনি কী ধরনের নেশা করেছেন, সে বিষয়ে পরিবারের কেউ স্পষ্ট নন। নেশা করতে না পারলে তিনি বাড়িতে থাকতে চান না এবং যেকোনোও মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর বাবা।
পরিবারের দাবি, চিকিৎসার জন্য ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাঁকে ভর্তি করা হয়নি। অন্যদিকে, আর্থিক সামর্থ্য না থাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোও সম্ভব হয়নি। ছেলের কোনো অঘটন ঘটলে যাতে পরিবারের উপর দায় না বর্তায়, সেই আবেদন জানাতেই তাঁকে ভ্যানে বেঁধে সোজা থানায় নিয়ে আসেন বাবা সুনীল সাহ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সন্ধ্যার পর শহরের বিভিন্ন জায়গায় নেশার ঠেক বসে এবং রমরমিয়ে মাদক ব্যবসা চলে। পুলিশ জানিয়েছে, দুর্গাপুরে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।