RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

সোনিয়া গান্ধীকে নিয়ে সমাজমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সোনিয়া গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জেরে আইনি বিপাকে পড়লেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। শুক্রবার শিমলায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রবীণ কংগ্রেস নেত্রীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। সেই বই নিয়ে আলোচনার মাঝেই সোনিয়া গান্ধীকে নিয়ে ইনস্টাগ্রামে একাধিক মন্তব্য করেন কঙ্গনা।

পুলিশ সূত্রে খবর, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩, ৩৫৬ এবং ১৯৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোনিয়া গান্ধীকে ‘ইটালির কোটিপতি বিধবা’ বলে কটাক্ষ করেন ওই বিজেপি সাংসদ। পাশাপাশি তাঁর সম্পত্তি এবং গান্ধী পরিবারের বিভিন্ন ঘটনা নিয়ে নানা প্রশ্ন তোলেন তিনি।

‘ইমার্জেন্সি’ ছবিতে কাজ করার সময় গান্ধী পরিবার সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছেন বলে দাবি করেন কঙ্গনা। তাঁর অভিযোগ, সহানুভূতি আদায় করে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে ছিলেন সোনিয়া। সেইসঙ্গে মানেকা গান্ধীকে কোণঠাসা করার অভিযোগও তোলেন তিনি। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এহেন মন্তব্যের পরেই কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের হয়।