বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
ইন্দোনেশিয়ার কারখানায় আগুন, উদ্ধার ৭ জনের দেহ
ইন্দোনেশিয়ার একটি ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৫০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
ইন্দোনেশিয়ার একটি ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও প্রায় ৫০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার রাতে পশ্চিম জাভার সেরং রিজেন্সির চিকান্দে এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুন লাগে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতের ওই দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুন এতটাই তীব্র ছিল যে দেহগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং সেগুলি শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে। নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যদের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দেহগুলি শনাক্ত করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ।
দমকল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রবিবার পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি এবং কিছু এলাকায় এখনও ধোঁয়া বের হচ্ছে। কারখানার মালিক জানিয়েছেন, শনিবার দিনের শিফটে প্রায় তিনশো জন কর্মী কাজ করছিলেন। আগুন লাগার পর শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে।
নিহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারের সঙ্গে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তল্লাশি ও উদ্ধার অভিযান এখনও জারি রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।