RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বেলেঘাটায় বহুতলে আগুন, পুড়ল বাড়ি, নিয়ন্ত্রণে দমকল

কালীপুজোর সন্ধ্যায় কলকাতার বেলেঘাটায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল, নামানো হয় দমকলের চারটি ইঞ্জিন।

কালীপুজোর সন্ধ্যায় কলকাতার বেলেঘাটায় একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আলোছায়া সিনেমা হলের কাছে একটি পেট্রোল পাম্পের উল্টোদিকের ওই বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। স্থানীয়দের দাবি, আকাশে ওড়া বাজি বা রকেট এসে পড়ার পরেই বাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। ব্যস্ত বেলেঘাটা মেন রোডের উপর এই বাড়িটি অবস্থিত হওয়ায় পুলিশ আংশিকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করে। আগুন নেভাতে বাড়ির দরজা ও জানালা ভাঙতে হয় দমকলকর্মীদের। নিরাপত্তার কারণে আশেপাশের বাড়িগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

যে বাড়িতে আগুন লেগেছে তার ঠিক পাশেই একটি কালীপুজো মণ্ডপ এবং নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে। এছাড়া উল্টোদিকেই পেট্রোল পাম্প থাকায় বড় বিপদের আশঙ্কা ছিল। তবে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়।