RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা বর্ধমান-কাটোয়া লোকালের একটি কামরায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটল। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বর্ধমান-কাটোয়া লোকাল কাটোয়া স্টেশনে পৌঁছায়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পর আচমকাই একটি কামরায় আগুন দেখতে পাওয়া যায়। আগুনে ট্রেনের ভেন্ডর কামরার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় ট্রেনটিতে যাত্রীরা না থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল দফতরের আধিকারিকেরা। রেলকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারগুলি পুড়ে যায়। কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি ট্রেনে আগুন লাগার পর দমকলের দুটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সময়ও ভোরে ট্রেনটিতে যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল।