পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
কাটোয়া স্টেশনে ফের ট্রেনের কামরায় আগুন, পুড়ে ছাই ভেন্ডার কম্পার্টমেন্ট
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের ভেন্ডার কামরায় আগুন লাগল। যাত্রীরা নেমে যাওয়ায় বড় বিপদের হাত থেকে রক্ষা মিলেছে।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তবে ট্রেন থেকে যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কোনও প্রাণহানির খবর নেই। রেলের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ বর্ধমান থেকে একটি লোকাল ট্রেন কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় রাত দশটা নাগাদ ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। যাত্রীরা গন্তব্যে পৌঁছে ট্রেন থেকে নেমে যাওয়ার পর একটি খালি কামরায় আগুন দেখতে পান প্রত্যক্ষদর্শীরা।
সঙ্গে সঙ্গে বিষয়টি রেল পুলিশ ও আরপিএফ কর্মীদের জানান হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেলের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ততক্ষণে ট্রেনের ভেন্ডার কম্পার্টমেন্ট পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছিল। পরপর এই ধরনের ঘটনা ঘটায় সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।