পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
মমতার বাড়িতে দমকলের নোটিস, ক্যামাক স্ট্রিটের অফিস সংক্রান্ত নির্দেশ ঘিরে পদক্ষেপ
হাইকোর্টের নির্দেশ মেনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস সংক্রান্ত একটি নোটিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঠাল দমকলবাহিনী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস পাঠাল দমকলবাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস সংক্রান্ত একটি বিষয়ে এই নোটিস দেওয়া হয়েছে বলে দমকল সূত্রে খবর। দমকলের পাঠানো সেই নোটিস গ্রহণ করেছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়।
এর আগে ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর এ ঠিকানায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটি অফিস ছিল। সেখানে তল্লাশি চালিয়ে অফিসটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল দমকল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের আইনজীবীরা। আদালত জানিয়েছিল, অফিসটি খুলে দেওয়া এবং সেখানে পরিদর্শনের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। হাইকোর্টের সেই নির্দেশ মেনেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস দিয়ে এলেন দমকল আধিকারিকরা। যেহেতু ওই বাড়িটি এখন কালীঘাটের তৃণমূল দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই সেখানেই নোটিস পাঠানো হয়েছে।
এদিকে ক্যামাক স্ট্রিটের ওই অফিস খোলার আর্জি নিয়ে আগে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলা হয়েছিল। পরে সেই মামলা নিয়মিত বেঞ্চে ফেরত পাঠানো হয়। মামলার শুনানিতে আইনজীবীরা জানান, অফিস বন্ধ থাকলেও ভেতরের আলো ও পাখা চলছে, যার ফলে বিদ্যুতের খরচ বাড়ছে। এছাড়া ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড সংক্রান্ত ঘটনায় ফরেসিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা এখনও সম্পন্ন হয়নি।