RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

চিনের বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত চৌদ্দ জন

উত্তর চিনের তাইউয়ান শহরে চল্লিশ তলা এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চৌদ্দ জনের মৃত্যু হয়েছে ও বহু মানুষ আহত হয়েছেন।

উত্তর চিনের একটি চল্লিশ তলা বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় কমপক্ষে চৌদ্দ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটত্রিশ জন।

শানসি প্রদেশের তাইউয়ান শহরের হাওসেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্টে রবিবার সন্ধ্যা পাঁচটা নাগাদ আগুন লাগে। ভবনটিতে আবাসিক ফ্ল্যাটের পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ, অফিস ও স্টাডি সেন্টার ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও স্থানীয় প্রশাসন। ক্রেনের সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়।

দু ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার সকালে মৃতের সংখ্যা বেড়ে চৌদ্দ হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও একই শহরে অন্য একটি বাড়িতে আগুন লেগে তিন জনের মৃত্যু হয়েছিল।