RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পরিচয় লুকিয়ে হিলিতে বসবাস, গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি

পরিচয় গোপন করে সাত বছর ধরে হিলিতে বসবাস করার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিচয় গোপন রেখে অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে ধৃতদের বাড়িও ভেঙে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে বাংলাদেশের মহাস্থানগড় থেকে ওই পরিবারটি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। স্থানীয় সূত্রে খবর, ত্রিমোহিনী এলাকার একটি সরকারি জমিতে প্রথমে অস্থায়ীভাবে বসবাস শুরু করে তারা। পরে সেখানে স্থায়ী বাড়ি তৈরি করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ব্যক্তিরা নিজেদের হিন্দু পরিচয় দিয়ে এলাকার সমস্ত পুজো ও উৎসবে অংশ নিতেন। এর ফলে তাঁদের আসল পরিচয় নিয়ে কারোর মনে কোনও সংশয় তৈরি হয়নি।

গত ১৩ নভেম্বর একটি প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের মধ্যে গণ্ডগোল বাধে। পরদিন সকালে দুই পক্ষের বিবাদ থামাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরেই পুলিশি তদন্তে ধৃতদের আসল পরিচয় প্রকাশ্যে আসে। গত রবিবার প্রশাসন বুলডোজার চালিয়ে জবরদখল করা জমিতে তৈরি হওয়া ওই বাড়িটি গুঁড়িয়ে দেয়। ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় কেন তাঁরা পরিচয় লুকিয়ে বসবাস করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।