ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, অ্যাম্বুল্যান্সে দেহ নিয়ে কোচবিহার ফেরার পথে মৃত ৫
রাজস্থান থেকে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ নিয়ে কোচবিহার ফেরার পথে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে দুর্ঘটনায় মৃত্যু হলো পাঁচজনের।
রাজস্থান থেকে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ নিয়ে কোচবিহার ফেরার পথে উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ধাক্কা মারে দ্রুতগতির অ্যাম্বুল্যান্সটি। এই দুর্ঘটনায় অ্যাম্বুলান্সে থাকা পাঁচজনই প্রাণ হারিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের জয়পুরে কাজ করতে গিয়ে মারা গিয়েছিলেন ৩৮ বছর বয়সি আজিজুল হক। তিনি কোচবিহারের বালাভূরের বাসিন্দা ছিলেন। তাঁর মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনতে অ্যাম্বুল্যান্সে গিয়েছিলেন তাঁর দুই ভাই রফিকুল হক ও আমিনুল হক। সঙ্গে দু'জন অ্যাম্বুল্যান্স চালকও ছিলেন।
উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার সুবেহা থানার গেঁরোয়া গ্রামের কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে চলা অ্যাম্বুল্যান্সটি সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে অ্যাম্বুল্যান্সটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং সুবেহা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হায়দরগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
বারাবাঁকির পুলিশ সুপার জানিয়েছেন, মৃতদেহের সঙ্গে থাকা পরিবারের তিন সদস্য এবং দুই চালকসহ পাঁচজনই দুর্ঘটনায় মারা গিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কোচবিহারে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।