RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কুমারগ্রামে পাঁচ বছরের শিশুকে খুনের অভিযোগ, আটক ১২ বছরের কিশোর

আলিপুরদুয়ারের কুমারগ্রামে পাঁচ বছরের শিশুকে খুনের অভিযোগে এক ১২ বছরের কিশোরকে আটক করেছে পুলিশ।

আলিপুরদুয়ারের কুমারগ্রামে এক পাঁচ বছরের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল এক ১২ বছরের কিশোরের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর বুধবার সকালে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান শিশুর মা। তল্লাশির সময় প্রতিবেশীর ১২ বছরের ছেলেকে ধারালো অস্ত্র হাতে দেখতে পান শিশুর মা। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পশ্চিম চেংমারি এলাকার একটি নদীর ধার থেকে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করে। কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে মুর্শিদাবাদের নওদায় একটি ৯ বছরের বালিকাকে খুনের অভিযোগ ওঠে এক ১৪ বছরের কিশোরীর বিরুদ্ধে। ওই ঘটনায় গয়নার লোভে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। পরপর এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।