RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বাগুইআটিতে বিজেপি কর্মীর মৃত্যুর পাঁচ বছর, এখনও হয়নি কাউকে গ্রেফতার

পাঁচ বছর কেটে গেলেও বাগুইআটির বিজেপি কর্মী প্রসেনজিৎ দাস মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বা সিবিআই।

একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর খুন হয়েছিলেন বাগুইআটির বিজেপি কর্মী প্রসেনজিৎ দাস। ঘটনার পাঁচ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বিচার চেয়ে এখনও দিন গুনছেন নিহতের মা অণিমা দাস। ২০২১ সালের ২৩ মে রাতে প্রসেনজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। নিহতের মায়ের অভিযোগ, তাঁর ছেলেকে যারা খুন করেছিল, তারা এখন দল বদলে বিজেপিতে যোগ দিয়েছে এবং তাঁকে লাগাতার হুমকি দিচ্ছে। রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ ও সিবিআইয়ের তদন্তে কোনও সুরাহা হয়নি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অভিযুক্তরা যেখানেই থাকুক তাদের খুঁজে বের করা হবে। অন্যদিকে, তৃণমূল মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ দাবি করেছেন, বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করত, তাদেরই দলে নিচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত অধরা উত্তর।