ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
শিলাবৃষ্টির জেরে কাঠমান্ডুতে নামতে পারল না বিমান, জরুরি অবতরণ লখনউয়ে
শিলাবৃষ্টির জেরে কাঠমান্ডু বিমানবন্দরে নামতে না পেরে জরুরি ভিত্তিতে লখনউয়ে অবতরণ করল ১৬১ জন যাত্রীসহ Flydubai-এর একটি বিমান।
খারাপ আবহাওয়ার কারণে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে নামতে পারেনি দুবাই থেকে আসা একটি যাত্রীভর্তি Flydubai বিমান। শিলাবৃষ্টির জেরে রানওয়ে অনুপযুক্ত হয়ে পড়ায় বিমানটির মুখ ঘুরিয়ে লখনউয়ে নামানো হয়।
Flydubai FZ539 নম্বরের বিমানটিতে মোট ১৬১ জন যাত্রী ছিলেন। বুধবার দুপুর তিনটে নাগাদ বিমানটির কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তা সম্ভব হয়নি। এরপর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে লখনউয়ের চৌধরি চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লখনউয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং যাত্রীদের সবরকম সহযোগিতা করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেল চারটে বেজে ছতির মিনিটে বিমানটি লখনউ থেকে আবারও কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেয়।