ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
সঞ্চয়ে জোর দিন, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রী মোদির
সঞ্চয়ে জোর দেওয়ার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সঞ্চয়ই দেশের সংস্কৃতির মূল ভিত্তি বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, খাওয়া-দাওয়ায় মজে থাকা ভারতীয় সংস্কৃতি নয়। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি সাধারণ মানুষকে সঞ্চয়ের জন্য উৎসাহিত করার নির্দেশ দিয়েছেন। আর্থিক শৃঙ্খলা বজায় না রাখলে দারিদ্রমুক্তি সংক্রান্ত অর্জন নষ্ট হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
নয়াদিল্লির ভারত মণ্ডপমে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে মন্ত্রী পরিষদের এই বৈঠক চলেছে। বৈঠকে ২০১৪ সালের সংসদের প্রথম ভাষণের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, তাঁর সরকার গরিব মানুষের কল্যাণেই উৎসর্গীকৃত।
বিশ্বব্যাঙ্কের একটি সমীক্ষার উল্লেখ করে মোদি জানান, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন। সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের কারণেই এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে তাঁর দাবি। এর আগে ছত্তিশগড়ের বাস্তারেও একই বিষয়ে বক্তব্য রেখেছিলেন তিনি।