পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বিদেশি টাকায় ধর্মান্তকরণের চেষ্টা, পুরুলিয়ায় নিশানা শমীকের
বিদেশি অর্থ সাহায্য নিয়ে পুরুলিয়া ও বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা চলছে, পুরুলিয়ার এক সভা থেকে এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বিদেশি অর্থ ব্যবহার করে রাজ্যের বিভিন্ন এলাকায় ধর্মান্তকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার পুরুলিয়ার একটি সভায় তিনি এই দাবি করেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলির প্রচারের মতো করেই একটি শ্রেণি পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং পূর্ব বর্ধমান জেলায় ধর্ম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। তবে এই ধরনের ধর্মান্তরকরণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে রবিবারও তিনি মিশনারি প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন।
শমীকের এই মন্তব্যের পর কলকাতার খ্রীস্টান সম্প্রদায়ের নেতারা একটি সাংবাদিক সম্মেলন করে জোরপূর্বক ধর্মান্তরকরণের অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি তাঁকে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জও জানান। অন্যদিকে, সম্প্রতি একটি মিশনারি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে গেরুয়া শাড়ি পরে স্কুলে ঢোকায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গ টেনেও সুর চড়ান বিজেপি নেতা। তবে খ্রিস্ট বা ইসলাম ধর্ম পালনে তাঁদের বা রাজ্য সরকারের কোনও আপত্তি নেই বলে দাবি করেছেন শমীক। তিনি স্পষ্ট জানান, তাঁদের লড়াই কোনও নির্দিষ্ট ধর্মের মানুষের বিরুদ্ধে নয়।
বিভিন্ন মিশনারি প্রতিষ্ঠানের তরফে সাম্প্রতিক অতীতে রাজ্যে তাদের উপর নির্যাতনের অভিযোগ তোলা হয়েছিল। শমীক সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, এই ধরনের ঘটনায় বিজেপির কেউ যুক্ত নেই।