RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বক্সায় ফেরা বাঘিনির গর্ভস্থ শাবকদের মৃত্যু নিয়ে উঠছে প্রশ্ন, তদন্তে বনদপ্তর

অসম থেকে ফিরিয়ে আনার পর বক্সার বাঘিনির গর্ভস্থ শাবকদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বনদপ্তর।

অসম থেকে উদ্ধার করে ফিরিয়ে আনার পর বক্সা টাইগার রিজার্ভে রাখা বাঘিনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, গত ৩ নভেম্বর অসমে ঘুম পাড়ানি গুলি চালিয়ে কাবু করার সময় বাঘিনিটি গর্ভবতী ছিল বলে জানতে পারেন আধিকারিকরা। এর জেরে তার গর্ভে থাকা তিনটি শাবকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন বন আধিকারিকরা।

বর্তমানে বক্সার চুনিয়া ওয়াচ টাওয়ারের কাছাকাছি এলাকায় রয়েছে ওই বাঘিনি। তাকে আটকে রাখতে ইতিমধ্যেই আশেপাশের এলাকায় কুনকি হাতি ও বনকর্মীদের মোতায়েন করা হয়েছে। অসমের রাইমোনা বনাঞ্চল থেকে প্রায় ৩০ কিলোমিটার এবং ভুটান সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থান করছে সে। বাঘিনির গতিবিধির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

এর আগে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাঘিনিটিকে এনে বক্সায় ছাড়া হয়েছিল। গত ২ অক্টোবর এনক্লোজারের দরজা খোলার পর সে মুক্ত বনে না গিয়ে ৪ অক্টোবর অসমের দিকে রওনা দেয়। এরপর সঙ্কোশ নদী পার হয়ে অসমের রাইমোনা বনাঞ্চলে চলে যায় সে। পরে গত ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় এলাকা থেকে ফের তাকে ঘুম পাড়ানি গুলি করে বক্সায় ফিরিয়ে আনা হয়।

বক্সার এনক্লোজারে ছ’দিন কাটানোর পর গত রবিবার ফের সেখান থেকে বেরিয়ে যায় বাঘিনিটি। এই পুরো ঘটনার মধ্যেই তার গর্ভধারণ ও শাবক মৃত্যুর বিষয়টি সামনে আসে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির প্রধান সঞ্জয় কুমার জানিয়েছেন, গোটা বিষয়টি তাদের নজরে রয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।