RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

সাফারি পার্কে বাইক নিয়ে সিংহের পিছন ধাওয়া বনকর্মীদের, ভাইরাল ভিডিও

গুজরাটের সাফারি পার্কে বাইক ও গাড়ি নিয়ে সিংহকে ধাওয়া করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

গুজরাটের সাফারি পার্কে বাইক এবং গাড়ি নিয়ে একটি সিংহের পিছনে ধাওয়া করার ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ছড়িয়ে পড়ার পরেই শুরু হয়েছে বিতর্ক। বনকর্মীদের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ও পশুপ্রেমীরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি পুরুষ সিংহ রাস্তা ধরে দৌড়চ্ছে এবং তার পিছন পিছন বাইক ও এসইউভি নিয়ে যাচ্ছেন বনকর্মীরা। ভিডিও সামনে আসতেই অনেকে বন্যপ্রাণী আইন ও সুরক্ষাবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। পার্কের ভেতরে সাধারণের ব্যক্তিগত গাড়ি প্রবেশের নিয়ম না থাকায় ক্ষোভ আরও বেড়েছে।

যদিও গোটা ঘটনাটি নিয়ে মুখ খুলেছে বন দফতর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সিংহটিকে উত্যক্ত করার কোনও উদ্দেশ্য ছিল না। অন্য একটি পুরুষ সিংহের এলাকার দিকে সিংহটি চলে যাচ্ছিল। সেই কারণে এবং শাবকদের সুরক্ষার কথা মাথায় রেখেই তাকে নিরাপদে নিজের এনক্লোজারে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন কর্মীরা। কর্তৃপক্ষের দাবি, সঠিক সময়ে ওই পদক্ষেপ করার ফলেই সিংহটিকে দ্রুত নির্ধারিত জায়গায় ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।