RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নব্যদের দুর্নীতির প্রতিবাদ, গোঘাটে আক্রান্ত প্রাক্তন বিজেপি বিধায়ক

দুর্নীতির প্রতিবাদ করায় হুগলির গোঘাটে আক্রান্ত হলেন প্রাক্তন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক।

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাট। দুর্নীতির প্রতিবাদ করায় আক্রান্ত হলেন গোঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার বিকেলে গোঘাটের সাওড়া পঞ্চায়েতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক। তিনি অভিযোগ করেন, নতুন যারা দলে এসেছেন তারা পঞ্চায়েতে দুর্নীতি ও তোলাবাজি চালাচ্ছেন। এই বক্তব্যের পরেই বিজেপি কর্মীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অনুষ্ঠান শেষে পঞ্চায়েত দপ্তরের বাইরে প্রাক্তন বিধায়ককে মারধর ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। বিশ্বনাথবাবুর অনুগামীদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি।

প্রাক্তন বিধায়কের অভিযোগ অস্বীকার করেছেন নব্য বিজেপি কর্মীরা। তাদের পালটা দাবি, বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন বিধায়ককে প্রচার বা মিছিলে দেখা যায়নি। এখন প্রভাব বিস্তার করতে তিনি বিরোধী শিবিরের লোকজন নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি করছেন। মারধরের অভিযোগ সঠিক নয় বলে দাবি তাদের।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। গোঘাট থানায় উভয়পক্ষই অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বর্তমান গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এই ঘটনার জন্য তৃণমূল ও সিপিএমকে দায়ী করেছেন। যদিও স্থানীয় সিপিএম নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল।