RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

স্টেশনে আড্ডা আর সোশ্যাল মিডিয়াতেই কাটছে প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্করের দিন

বাম আমলের প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্করের দিন কাটছে স্টেশনে আড্ডা দিয়ে ও সোশ্যাল মিডিয়ায় লিখে।

বামফ্রন্ট আমলের শেষ দুই মন্ত্রিসভার সদস্য তথা প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্করের কাটছে সাদামাটা জীবন। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আদি বাসিন্দা হলেও তিনি বর্তমানে ক্যানিংয়ের ভাতকলপাড়ায় বসবাস করেন। এখন তাঁর দিন কাটে ক্যানিং স্টেশনের বেঞ্চে বসে আড্ডা দিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে। নিরাপত্তার কড়াকড়ি ছাড়াই তিনি সাধারণ মানুষের সঙ্গে মেশেন, নিজেই চায়ের দোকান থেকে চা এনে আড্ডার লোকজনকে খাওয়ান।

অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সুভাষবাবু এখনও সিটুর কেন্দ্রীয় কমিটি ও রাজ্যের সম্পাদকমণ্ডলীর সদস্য। অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়ম করে স্টেশনে আসেন এবং পুরোনো কর্মীদের সঙ্গে কথা বলেন। ১৯৭৮ সালে পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার পর তিনি ১৯৮২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাসন্তী কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি রাজ্য মন্ত্রিসভার সেচমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি জয়নগর লোকসভা কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর সন্তানরা রাজনীতিতে আসেননি।

মন্ত্রী থাকার সময়ে সুন্দরবনের নদী বাঁধ ও দ্বীপগুলির সংযোগকারী ব্রিজ নিয়ে নানা কাজ করলেও আজও অনেক কাজ অধরা থেকে যাওয়ার আক্ষেপ রয়েছে তাঁর। কেন্দ্রের বরাদ্দ সত্ত্বেও সুন্দরবনে কংক্রিটের বাঁধ না হওয়ায় তিনি আজও আক্ষেপ প্রকাশ করেন। দলের সাধারণ কর্মী হিসেবেই তিনি বাকি জীবন কাটাতে চান।