পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার
বুধবার রাতে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস। বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর পেয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘ বার্তা দিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সকালে প্রয়াত নেতার কলকাতার বাসভবনে যান কুণাল ঘোষ, দোলা সেন এবং আলিফা আহমেদ। পরে তাঁর মরদেহ কৃষ্ণনগরে পৌঁছলে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানান।
রাজনৈতিক পালাবদলের পর অতীতে ত্রিপল বণ্টন সংক্রান্ত একটি অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন উজ্জ্বল। সেই সময় তিনি প্রায় পঞ্চাশ দিন কারাগারে কাটিয়েছিলেন। পরে স্বাস্থ্যগত কারণে জামিন পেয়ে তিনি সরাসরি কালীঘাটে গিয়ে দলনেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর দলের অন্দরে বিভাজনের পরিস্থিতিতে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার গুরুদায়িত্ব তাঁকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের জেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেই কাজ শুরুও করেছিলেন তিনি।
কিন্তু অসুস্থতার কারণে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর অস্ত্রোপচার হয়েছিল। পরবর্তী সময়ে নিউমোনিয়া ও স্ট্রোকেও আক্রান্ত হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিছানায় শুয়েও তিনি নিয়মিত দলের কাজের খোঁজ নিতেন এবং ফোনে নির্দেশ দিতেন। ৭১ বছর বয়সে তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে।