RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

বিজেপি ও তৃণমূল ঘুরে এবার কংগ্রেসে যোগ দিলেন কার্শিয়ঙের প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।

বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ঘুরে এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। বিগত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কার্শিয়ঙের তৎকালীন বিধায়ক। এবার তিনি হাত শিবিরের দিকে ঝুঁকলেন।

যোগদানের পর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তাঁর পুরনো পরিচয় নিয়ে আর কোনও আলোচনা হবে না। রাহুল গান্ধীর আপসহীন লড়াইয়ে তিনি শামিল হয়েছেন বলে জানান প্রদেশ সভাপতি।

বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, গোর্খাদের জন্য অতীতে যা কিছু করেছে কংগ্রেসই করেছে। ডিজিএইচসি, জিটিএ এবং নেপালি ভাষার স্বীকৃতির মতো বিষয়গুলির কথা তুলে ধরেন তিনি। বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ এনে তিনি জানান, কার্যক্ষেত্রে যে দল কাজ করে, তিনি সেই দলের সঙ্গেই রয়েছেন। তাঁর দাবি, গোর্খাদের পরিচয় সংক্রান্ত সমস্যার সমাধান করবে কংগ্রেসই।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন বিষ্ণুপ্রসাদ। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াই করলেও তিনি হেরে যান। পরবর্তীতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা প্রসঙ্গে তাঁর দাবি, বিজেপি থেকে সরে যাওয়ার জন্য আলাদা করে কোনও চিঠি দেওয়ার প্রয়োজন তিনি মনে করেননি।