RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

দুর্গাপুরে হোটেলের ঘরে জুয়ার আসর, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

দুর্গাপুরের একটি হোটেলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন সাহা-সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুর্গাপুরের একটি হোটেলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় এক লক্ষ টাকা। ধৃত প্রাক্তন কাউন্সিলরের নাম চন্দন সাহা। ঘটনাকে কেন্দ্র করে ভিরিঙ্গি এলাকায় শোরগোল শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর চন্দনের গোপন আডডা ছিল ওই হোটেলে। অভিযোগ, রাতের অন্ধকারে সেখানে নিয়মিত লক্ষ লক্ষ টাকার জুয়ার খেলা চলত। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ওই হোটেলে আচমকা হানা দেয়। সেখান থেকেই হাতেনাতে ধরা পড়েন চন্দন ও তাঁর সহযোগীরা।

দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে এই বেআইনি কারবার চালানো হচ্ছিল বলে অভিযোগ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুই দাবি করেছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই কারবার চালাচ্ছিলেন চন্দন। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পত্তি ও তোলাবাজির অভিযোগও তুলেছেন বিধায়ক।

বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই বলেন, চন্দন সাহার একাধিক সঙ্গী রয়েছে এবং তাঁরা দীর্ঘদিন ধরে এই ধরনের কারবার চালাচ্ছেন। জুয়ার আসর থেকে কাউন্সিলর-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ও বহু টাকা উদ্ধার হয়েছে। অবৈধ কাজের মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তিনি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।