RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, শোকের ছায়া রাজনৈতিক মহলে

দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে প্রয়াত হলেন নদিয়ার বর্ষীয়ান তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

না ফেরার দেশে পাড়ি দিলেন নদিয়ার পরিচিত রাজনৈতিক মুখ তথা রাজ্যের প্রবীণ নেতা উজ্জ্বল বিশ্বাস। বুধবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তিনবার জয়ী হয়ে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় রাজ্য সরকারের একাধিক দপ্তরের মন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন এই প্রবীণ নেতা। তাঁর প্রয়াণে জেলাজুড়ে রাজনৈতিক পরিমণ্ডলে শোকের আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক জীবনের শুরুর দিকটা বর্ণময় হলেও শেষ বছরগুলোতে তাঁকে নানা আইনি লড়াই ও শারীরিক জটিলতার মুখোমুখি হতে হয়েছিল। ত্রাণসামগ্রী তছরুপের অভিযোগে অতীতে গ্রেপ্তার হতে হয়েছিল তাঁকে। কারাবাসের পর থেকেই তাঁর শরীর ভেঙে পড়েছিল। জামিনেমুক্ত হওয়ার কিছুদিন বাদেই বাইপাস সার্জারি করাতে হয় তাঁকে। অপারেশন সফল হলেও পরবর্তীতে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং নিউমোনিয়াসহ একাধিক শারীরিক সমস্যায় আক্রান্ত হন তিনি। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর হাসপাতালেই তাঁর জীবনাবসান ঘটে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে প্রয়াত নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক তারকনাথ চ্যাটার্জি। তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এই নেতার প্রয়াণে রাজ্যের রাজনীতিতে শূন্যতা তৈরি হল বলে অভিমত রাজনৈতিক মহলের।