RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

সাগরদিঘিতে পশু জবাইয়ের সময় গ্রেপ্তার চার, উদ্ধার মাংস

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই মুর্শিদাবাদের সাগরদিঘিতে নির্জন স্থানে পশু জবাইয়ের সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজ্যে গবাদি পশু হত্যা এবং অবৈধ পাচার বন্ধ করতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নির্দেশ জারির পরেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। এই আবহে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকায় নির্জন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ মাংস এবং পশু কাটার নানা সরঞ্জাম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘির শেখদিঘি হাজিপুর এলাকার একটি পরিত্যক্ত ও নির্জন জায়গায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে পশু জবাই চলছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ সেখানে অভিযান চালায়। হাতেনাতে চারজনকে পাকড়াও করে পুলিশ বাহিনী। ধৃতদের নাম নজফুল হক, হাসিমুদ্দিন শেখ, গিয়াসউদ্দিন শেখ এবং কেতাবুল শেখ।

ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কেজি জবাই করা মাংস উদ্ধার করেছে পুলিশ। নিয়ম মেনে সেই মাংস মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাংসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অবৈধ মাংস পাচারের কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতেও তদন্ত চলছে।

ঘটনার জেরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ধৃত চারজনকে আদালতে পেশ করা হয়েছে বলে খবর।