ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
দিল্লিতে ই-রিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন, মৃত ৪
দিল্লির বিশ্বাস নগরে বাড়ির নীচের তলায় ই-রিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন লেগে চার জনের মৃত্যু হয়েছে এবং দু'জন আহত হয়েছেন।
দিল্লির বিশ্বাস নগরে একটি বাড়িতে আগুন লেগে চার জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। সোমবার ভোররাতের দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, বাড়ির নীচেই ই-রিকশা চার্জ দেওয়া হচ্ছিল। সেই চার্জিং পয়েন্ট থেকেই আগুন লাগে এবং দ্রুত তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাড়ির উপরের তলায় ছ'জন ঘুমোচ্ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন, একটি ওয়াটার ইঞ্জিন, একটি ওয়াটার বাউসার এবং কুইক রেসপন্স টিম। দমকল কর্মীরা আটকে থাকা ছ'জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসকেরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন।
শাহদরা এলাকার ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন, দু'জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল। প্রাথমিক তদন্তে অনুমান, ই-রিকশার চার্জিং পয়েন্ট থেকেই এই আগুন লেগেছে। আগুন লাগার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।