পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমা, পূর্ব বর্ধমানের আমাদপুরে পালিত হল ঐতিহ্যবাহী কালীপুজো
পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুর গ্রামে কাঁধে চড়ে চার বোনের গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে পালিত হল শতবর্ষের প্রাচীন কালীপুজো।
কালীপুজোর পরের দিন রাতে পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুর গ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী গ্রাম পরিক্রমা। এই গ্রামে চার বোন বড়কালী, মেজকালী, সেজোকালী ও ছোটকালী নামে পরিচিত প্রধান দেবীরা। এছাড়াও এখানে সিদ্ধেশ্বরী, বুড়িমা সহ শতাধিক কালীপুজো হয়। যার জেরে এই এলাকা কালীগ্রাম হিসেবে পরিচিত।
জনশ্রুতি রয়েছে, প্রাচীনকালে বেহুলা নদীর ধারের মহাশ্মশানে এক সাধু কালীসাধনা করতেন। বণিকেরা দস্যুর হাত থেকে রক্ষা পেতে এখানে পুজো শুরু করেছিলেন। বর্তমানে বেহুলা নদী খালে পরিণত হলেও পুজোর জাঁকজমক কমেনি।
পুজোর পরদিন রাতে মশালের আলো ও ঢাকের আওয়াজের মধ্যে ভক্তদের কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন দেবীরা। চার বোন এবং ভৈরব সহ অন্যান্য প্রতিমা কাঁধে নিয়ে সারারাত ধরে চলে পরিক্রমা। এই প্রাচীন রীতি দেখতে দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান।