ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
কনৌজে স্কুলবাস ও ট্রাকের সংঘর্ষ, মৃত ৪ পড়ুয়া, আহত ৩২
উত্তরপ্রদেশের কনৌজে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় চার পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩২ জন।
উত্তরপ্রদেশের কনৌজে স্কুলবাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে চার পড়ুয়ার। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। মঙ্গলবার সকাল ছটা নাগাদ লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, শিক্ষামূলক ভ্রমণ শেষে তাজমহল ঘুরে ফিরছিল পড়ুয়াবোঝাই বাসটি। পথে শৌচকর্মের জন্য রাস্তার পাশে বাসটি দাঁড় করানো হয়েছিল। সেই সময় পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা মারে বাসটিকে। সংঘর্ষের জেরে বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসে মোট ৫০ জন ছিলেন। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ গিয়ে চার পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে। মৃতদের বয়স চৌদ্দ থেকে সতেরো বছরের মধ্যে। আহত ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার বিনোদ কুমার জানিয়েছেন, স্কুলের ম্যানেজার ও এক পড়ুয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কানপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জেলাশাসক হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।