RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বারাসতে জলের বালতিতে ডুবে মৃত্যু শিশুর, প্রশ্নের মুখে মা

উত্তর ২৪ পরগনার বারাসতে খেলতে খেলতে জলভর্তি বালতিতে পড়ে মৃত্যু হল চৌদ্দ মাসের এক শিশুর।

উত্তর ২৪ পরগনার বারাসতে জলের বালতিতে ডুবে মৃত্যু হয়েছে এক ১৪ মাসের শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারাসতের হাটখোলায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির মা শ্রেয়া মণ্ডলের সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকে তিনি আলাদা থাকতেন। শিশুটি মায়ের কাছেই থাকত। শিশুর বাবার অভিযোগ, মঙ্গলবার দুপুরে তাঁর স্ত্রী মোবাইল গেমে মগ্ন ছিলেন। সেই কারণেই সন্তানের খেয়াল রাখতে পারেননি তিনি। খেলতে খেলতে শিশুটি জলভর্তি বালতিতে পড়ে যায় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

যদিও মায়ের দাবি, তিনি মোবাইলে ব্যস্ত ছিলেন না। জামাকাপড় ভাঁজ করছিলেন এবং ভাবতেও পারেননি যে শিশুটি রান্নাঘরের দিকে চলে যাবে। শিশুর বাবার আরও প্রশ্ন, বাড়িতে আরও মানুষ থাকা সত্ত্বেও কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল। বারাসাত থানার পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।