জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
রামায়ণ ও মহাভারত থেকে শুরু, কীভাবে শুরু হয়েছিল ছটপুজো
রামায়ণ থেকে মহাভারত এবং বিভিন্ন প্রাচীন আখ্যানে লুকিয়ে রয়েছে ছট পুজোর ঐতিহাসিক ও পৌরাণিক পটভূমি।
কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে শুরু হয় কঠোর নিয়ম ও উপবাসের ব্রত ছটপুজো। প্রাকৃতিকভাবে জীবন বাঁচানোর এই আচার প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে পালিত হয়ে আসছে। পুরাণ এবং প্রাচীন গ্রন্থগুলিতে এই ব্রতের বহু প্রাচীন ইতিহাস পাওয়া যায়।
পৌরাণিক কাহিনী অনুসারে, লঙ্কা জয়ের পর অযোধ্যায় ফেরার সময় রামচন্দ্র ও সীতা এই ব্রত পালন করেছিলেন। আবার মহাভারত অনুযায়ী, কৌরবদের কাছ থেকে হারানো সাম্রাজ্য ফিরে পেতে দ্রৌপদীও সূর্যের আরাধনা করেছিলেন। এ ছাড়া মহাভারতের চরিত্র কর্ণ নিয়মিত জলে দাঁড়িয়ে প্রতিদিন ভোরের সূর্যকে অর্ঘ্য প্রদান করতেন বলে উল্লেখ রয়েছে।
অন্য একটি পৌরাণিক উপাখ্যান অনুযায়ী, একসময়ে চরম খরায় মাঠঘাট শুকিয়ে গেলে দেবী অন্নপূর্ণা সূর্যদেবের কাছে প্রার্থনা জানান। সূর্যদেবের কৃপায় ধরিত্রী আবার শস্যপূর্ণ হয়ে ওঠে এবং মানুষের সংকট কেটে যায়। ঋগ্বেদীয় যুগ থেকেই সূর্যকে প্রাণের উৎস হিসেবে পুজো করা হয়ে থাকে। সূর্যদেব এবং ষষ্ঠী দেবীর কৃপালাভের উদ্দেশ্যে এই আচার পালিত হয় বলে একে সূর্য ষষ্ঠীও বলা হয়।
উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে এই উৎসবের মূল প্রচলন থাকলেও বর্তমানে পশ্চিমবঙ্গ সহ নানা জায়গায় এটি সাড়ম্বরে পালিত হয়। আধুনিকতার মাঝেও বিশ্বাস ও ভক্তির এই উৎসব প্রকৃতির শক্তির প্রতি মানুষের শ্রদ্ধার কথাই বারবার মনে করিয়ে দেয়।