RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

লাইসেন্স সাসপেন্ড সত্ত্বেও ব্যবসা, গড়িয়ার কস্তুরী রেস্তোরাঁ সিল করল প্রশাসন

লাইসেন্স সাসপেন্ড থাকার পরেও রেস্তোরাঁ খোলা রেখে ব্যবসা চালানোর অভিযোগে সিল করে দেওয়া হল গড়িয়ার কস্তুরী রেস্তোরাঁ।

লাইসেন্স বাতিল হওয়ার পরেও রমরমিয়ে ব্যবসা চালানোর অভিযোগে সিল করে দেওয়া হল গড়িয়ার নামী রেস্তোরাঁ কস্তুরী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এর আগেও একাধিকবার ওই রেস্তোরাঁকে সতর্ক করা হয়েছিল।

বুধবার সন্ধেয় জেলা স্বাস্থ্য দফতরের খাদ্য সুরক্ষা আধিকারিক, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং স্থানীয় থানার পুলিশ যৌথ অভিযান চালায়। আধিকারিকদের দাবি, লাইসেন্স সাসপেন্ড থাকা অবস্থাতেও রেস্তোরাঁ খোলা রাখা হয়েছিল এবং সেখানে খাবারও বিক্রি হচ্ছিল। তল্লাশির সময়ে রেস্তোরাঁয় ছত্রাক ধরা খাবার পাওয়া যায় বলে অভিযোগ। এর পরেই কস্তুরী রেস্তোরাঁটি সিল করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে খাদ্য-বিধি না মানায় গড়িয়ার একাধিক রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। কস্তুরী রেস্তোরাঁর লাইসেন্সও সেই সময় বাতিল করা হয়। কিন্তু অভিযোগ ওঠে, নির্দেশ অমান্য করে রেস্তোরাঁ চালিয়ে যাওয়া হচ্ছিল।