RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

ধর্মতলার হোটেলে জার্মান নাগরিকের রহস্যমৃত্যু, তদন্তে নিউ মার্কেট থানা

সোমবার সকালে ধর্মতলার একটি পাঁচতারা হোটেল থেকে ৬৫ বছর বয়সী এক জার্মান পর্যটকের দেহ উদ্ধার করল পুলিশ।

ধর্মতলার একটি পাঁচতারা হোটেলে ৬৫ বছর বয়সী এক জার্মান নাগরিকের দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম নিলসন টমাস। পুলিশ সূত্রে খবর, রবিবার কলকাতায় এসে চৌরঙ্গীর ওই হোটেলে ওঠেন নিলসন। সোমবার সকালে হোটেলের কর্মীরা তাঁর প্রাতরাশের খাবার নিয়ে ১৬০২ নম্বর ঘরে যান। দীর্ঘক্ষণ দরজায় ধাক্কা দেওয়ার পরেও কোনও সাড়া না মেলায় তাঁরা হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুললে ওই পর্যটককে নিথর অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নিউ মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে। নিলসন টমাসের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দেহ হস্তান্তরের বিষয়ে জার্মান দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।