RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

বিয়েতে গ্লাস স্কিনের ধুম, সতর্কবার্তা চিকিৎসকদের

বিয়েতে কাচের মতো উজ্জ্বল ত্বক পাওয়ার নেশায় হবু কনেদের ত্বকের ক্ষতি হচ্ছে, এমনটাই সতর্কবার্তা বিশেষজ্ঞদের।

বিয়ের মরশুমে হবু কনেদের মধ্যে কাচের মতো চকচকে ত্বক পাওয়ার প্রবণতা বেড়েছে। কোরিয়ান এই সৌন্দর্যচর্চার অনুকরণে অনেকেই একাধিক সিরাম, কেমিক্যাল পিল ও লেজার ট্রিটমেন্ট করাচ্ছেন। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত যত্ন নিতে গিয়ে ত্বকের স্বাভাবিক সুরক্ষাকবচ নষ্ট হতে পারে।

ত্বকরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্লাস স্কিন মূলত একটি সৌন্দর্যভাবনা মাত্র। এটি কোনও চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত ত্বকের ধরন নয়। একসঙ্গে ভিটামিন সি, রেটিনল বা বিভিন্ন অ্যাসিড ব্যবহারের ফলে ত্বকে লালচে ভাব, জ্বালা এবং শুষ্কতা দেখা দিতে পারে। ভুল উপায়ে লেজার বা পিল ব্যবহার করলে ত্বকে স্থায়ী দাগ ও পোড়ার ঝুঁকিও থাকে।

বিশেষজ্ঞদের পরামর্শ, বিয়ের মাত্র কিছুদিন আগে নতুন কোনো প্রসাধন বা চিকিৎসা পদ্ধতি শুরু করা উচিত নয়। কনেদের অন্তত তিন থেকে ছয় মাস আগে থেকে সঠিক রুটিন শুরু করা দরকার। মৃদু ক্লেনজার ও ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ।