RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আদিবাসীদের উন্নয়নেই সরকারের লক্ষ্য, কুমারগ্রামের সভা থেকে দাবি মুখ্যমন্ত্রীর

জনজাতি গৌরব দিবসের সভা থেকে বঞ্চনার অভিযোগ তুলে আদিবাসীদের উন্নয়েনের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে আদিবাসীদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার আলিপুরদুয়ারের কুমারগ্রামে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে একটি জনসভা হয়। সেখান থেকে আগের সরকারের জমানায় বঞ্চনার অভিযোগ তুলে একাধিক উন্নয়নের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠান শেষে আদিবাসীদের সঙ্গে নাচেও অংশ নেন মুখ্যমন্ত্রী।

এদিন সভায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং মন্ত্রী নিশীথ প্রামাণিকও। মুখ্যমন্ত্রী জানান, আগের জমানায় আদিবাসীরা সব প্রকল্প থেকে বঞ্চিত হতেন। রাজ্যে পরিবর্তনের পরেই তাঁদের জীবনের মান উন্নয়নের কাজ শুরু হয়েছে। তিনি ঘোষণা করেন, সমস্ত ভুয়ো এসটি শংসাপত্র বাতিল করা হবে। শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই আবাসন প্রকল্পের সুবিধা পাবেন। জঙ্গল এলাকায় জমির পাট্টা দেওয়ার কাজও নতুন সরকার করেছে বলে জানান তিনি।

পাশাপাশি, সাংসদ খগেন মুর্মুর উপর অতীতে হামলার ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। সেই মামলার ফাইল ফের খোলার নির্দেশ দিয়ে উত্তরবঙ্গের আইজিকে কড়া পদক্ষেপ করতে বলেন তিনি। দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।